সম্মানিত অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী ও আমাদের আদরের শিক্ষার্থীরা,
আসসালামু আলাইকুম।
'প্রজাপতি স্কুল, যশোর'-এর ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি আন্তরিকভাবে আনন্দিত। প্রজাপতি যেমন রঙিন ডানা মেলে নতুন আকাশে ওড়ে, আমাদের শিশুরাও তেমনি জ্ঞান, মানবিকতা ও সৃজনশীলতার ডানায় ভর করে স্বপ্নের পথে এগিয়ে যাক, এই প্রত্যাশা থেকেই আমাদের যাত্রা।
আমাদের বিশ্বাস শিশুর শৈশব তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়েই গড়ে ওঠে তার চিন্তা, আচরণ, মূল্যবোধ ও ভবিষ্যতের ভিত্তি। তাই আমরা শিশু শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের গন্ডিতে আটকে রাখি না। আমরা বিশ্বাস করি, শিক্ষা হবে আনন্দময়, ভয়হীন ও কৌতূহল জাগানো একটি অভিজ্ঞতা, যেখানে প্রতিটি শিশু নিজের মতো করে শিখতে পারবে, প্রশ্ন করতে পারবে এবং নিজেকে আবিষ্কার করতে পারবে।
আমাদের অঙ্গীকার : "শিশুর হাতে জ্ঞানের আলো, হৃদয়ে মানবতা, মনে সৃজনশীলতা"—এই তিন শক্তিতেই গড়ে উঠুক আগামীর নেতৃত্ব।
এটি শুধু আমাদের একটি অঙ্গীকার নয়; বরং আমাদের শিক্ষা-দর্শন ও প্রতিদিনের কাজের অনুপ্রেরণা। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল হোক, অন্যের প্রতি সহানুভূতিশীল হোক এবং স্বাধীনভাবে চিন্তা করতে শিখুক। তারা যেন নিজেদের পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে পারে। আমরা এমন প্রজন্মের স্বপ্ন দেখি, যারা জ্ঞান দিয়ে সমস্যার সমাধান করবে, মানবিকতা দিয়ে মানুষের পাশে দাঁড়াবে এবং সৃজনশীলতা দিয়ে নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।
আমাদের লক্ষ্য : আমরা আধুনিক ও বিজ্ঞানসম্মত পাঠদান পদ্ধতির মাধ্যমে শিশুর মৌলিক জ্ঞান, ভাষা দক্ষতা, গণিত ও বিজ্ঞানভিত্তিক চিন্তার দৃঢ় ভিত্তি গড়ে তুলতে চাই। আমাদের শিক্ষার্থীদের শিশুকাল থেকে সততা, শিষ্টাচার, সহমর্মিতা, বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ শেখাতে চাই, যাতে বড় হয়ে একজন ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠে। আমাদের শিক্ষার্থীকে সৃজনশীলতা অর্থাৎ গান, ছড়া, আঁকাআঁকি, গল্প, খেলাধুলা ও হাতে-কলমে কাজের মাধ্যমে তার কল্পনাশক্তি ও নতুন কিছু ভাবার ইচ্ছা শক্তি ও সাহস জাগিয়ে তুলতে চাই।
আমাদের শিক্ষা পদ্ধতি : প্রজাপতি স্কুলে আমরা শিশুর সার্বিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিই, অর্থাৎ তার মানসিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, নৈতিক ও শারীরিক বিকাশ। প্রতিটি শিশু আলাদা, তাই আমরা তাকে আলাদা করে বুঝি, তার আগ্রহ ও সামর্থ্যকে গুরুত্ব দিই। আমাদের অভিজ্ঞ, স্নেহশীল ও প্রশিক্ষিত শিক্ষকরা শিশুদের কাছে শুধু শিক্ষক নন, তাঁরা পথপ্রদর্শক ও বন্ধু। নিরাপদ, পরিচ্ছন্ন ও শিশুবান্ধব পরিবেশে তারা প্রতিদিন নতুন কিছু শেখে, নতুন বন্ধু পায় এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
অভিভাবকদের প্রতি : একটি শিশুর সফলতার পেছনে বিদ্যালয় ও পরিবার, দুই পক্ষেরই সমান ভূমিকা থাকে। আমরা অভিভাবকদের আমাদের সহযাত্রী মনে করি। আপনাদের আস্থা, সহযোগিতা ও মূল্যবান পরামর্শই আমাদের এগিয়ে চলার শক্তি। আমরা সবসময় খোলামেলা যোগাযোগ ও পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তি করে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আগামীর পথে : আজকের এই ছোট্ট শিশুরাই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী, উদ্যোক্তা ও দেশের দায়িত্বশীল নাগরিক। তাদের সেই স্বপ্নের পথে সঠিক দিকনির্দেশনা দেওয়াই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
আমাদের স্লোগান : 'স্বপ্নের শুরু, সাফল্যের পথে', এটি শুধু একটি বাক্য নয়, এটি আমাদের প্রতিদিনের প্রতিশ্রুতি।
আপনার সন্তানের শিক্ষাযাত্রায় আমাদের বিশ্বাস করার জন্য আন্তরিক ধন্যবাদ। আসুন, সবাই মিলে আমাদের শিশুদের স্বপ্নগুলোকে ডানা মেলতে সাহায্য করি।
আল্লাহ হাফেজ।
শুভকামনায়,
মোঃ আক্তারুজ্জামান
পরিচালক, প্রজাপতি স্কুল, যশোর
মোঃ আক্তারুজ্জামান
পরিচালক